রবিবার ২১ জুন, ২০২৬

মুরাদনগরে অটোচালক হত্যা মামলায় ১২ ঘণ্টার মধ্যেই দুই আসামি গ্রেফতার

রাইজিং কুমিল্লা ডেস্ক

ক্লুলেস অটোচালক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার
ক্লুলেস অটোচালক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার/ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশাচালক মাহাবুব আলম ওরফে মাসুম (৩২) হত্যা মামলার রহস্য ১২ ঘণ্টার মধ্যে উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর থানার বাসিন্দা মাহাবুব আলম গত ১৯ জুন ২০২৬ বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সর্বশেষ একই দিন রাত ১০টায় তিনি তার স্ত্রীর সঙ্গে ফোনে কোম্পানিগঞ্জ যাওয়ার কথা জানান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে পরদিন ২০ জুন সকালে মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

পরবর্তীতে একই দিন সকাল ১০টায় বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ী গ্রামের পূর্ব পাড়া ধরেরপাড় এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও চোখ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ঘটনাটি কুমিল্লা জেলার পুলিশ সুপারের নজরে এলে তাঁর নির্দেশনায় বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

তদন্ত চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কোম্পানিগঞ্জ এলাকায় দুই ব্যক্তি একটি সন্দেহভাজন অটোরিকশা বিক্রির চেষ্টা করছে। এরপর অভিযান চালিয়ে মো. নাঈম ইসলামকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করে যে, সে ও তার এক সহযোগী মিলে মাহাবুব আলমকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে বলে জানা যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং পরে অপর আসামি আরমান সরকারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, “ক্লুলেস মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন এবং জড়িত মুল আসামিদের গ্রেফতারের ফলে জেলা পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে।”

আরও পড়ুন