
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামের মো. নাছির উদ্দীন সরকারের ছেলে মো. সাইফু উদ্দিন সরকার (৩৮), শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের তাঁরা মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪৫) এবং দেবিদ্বার উপজেলার এগারোগ্রাম গ্রামের মো. জাকির হোসেনের ছেলে আবুল খায়ের (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি এবং স্থানীয় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগের ভিত্তিতে উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া ও শশীদল ইউনিয়নের শশীদল গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
অভিযানকালে আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন বলে আদালত সূত্রে জানা গেছে।
পরে ভ্রাম্যমাণ আদালত সাইফু উদ্দিন সরকার ও আবুল খায়েরকে ৭ দিন করে এবং সুমন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









