
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার বর্তমান ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই কর সুবিধা পেতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার এবং দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়ার সুযোগ নিশ্চিত করার দুটি শর্তের কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে এ প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ১০ শতাংশ হারে কর প্রদান করে। সরকার সেটি কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে। তবে এর সঙ্গে কিছু শর্ত যুক্ত থাকবে।
তিনি বলেন, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখানোর জন্য আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন ও কার্যকরভাবে পরিচালনা করতে হবে।
এ ছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করেই প্রতিষ্ঠানগুলোকে কর সুবিধা দেওয়া হবে।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০ শতাংশ করহার কার্যকর রয়েছে। আগামী অর্থবছর থেকে এই করহার ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষা পরিবেশের উন্নয়নকে উৎসাহিত করতেই এই কর ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ধারণা, করের চাপ কমলে প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন, গবেষণা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও বেশি বিনিয়োগ করতে পারবে।
তবে এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে নতুন করহার কার্যকরের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কোনো শর্ত আরোপ করা হচ্ছে না। ভবিষ্যতে ৫ শতাংশ করহার বহাল রাখতে সরকার নির্দিষ্ট কিছু শর্ত সংযুক্ত করতে পারে।
উল্লেখ্য, বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। এর মধ্যে ১০৩টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে। পাশাপাশি দেশে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ, ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ এবং ২০টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। নতুন করহার কার্যকর হলে এসব প্রতিষ্ঠানও একই সুবিধার আওতায় আসবে।








