মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

বিশ্ব ইজতেমায় আজ যৌতুকবিহীন শতাধিক বিয়ে

রাইজিং ডেস্ক

Marriage
ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে জানান, আজ ১০০’র বেশি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ইজতেমা ময়দানে ৮০ থেকে ১৩০ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়।

জানা যায়, বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এতে মোহরানার পরিমাণ দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। বিয়ের পর নবদম্পত্তির সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।

এদিকে আজ শনিবার বাদ ফজর বয়ান করবেন মুম্বাইয়ে মাওলানা আব্দুর রহমান হাফিঃ। বাদ জোহর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা)।

 

আরও পড়ুন