রবিবার ১৮ অক্টোবর, ২০২৬

বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তি, দুই শিক্ষককে দুই প্রান্তে বদলি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Scuffle in school office- two teachers transferred to separate locationsScuffle in school office, two teachers transferred to separate locations
বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তি, দুই শিক্ষককে দুই প্রান্তে বদলি/ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির ধস্তাধস্তির ঘটনায় সহকারী শিক্ষকের পর এবার প্রধান শিক্ষককেও বদলি করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে বিদ্যালয়ে একাধিকবার প্রকাশ্যে ঝগড়ায় জড়ানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বদলি হওয়া দুই শিক্ষক হলেন আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজালপুর রহমান ও সহকারী শিক্ষক আছমা খাতুন।

প্রধান শিক্ষককে উপজেলার বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সহকারী শিক্ষককে কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষককে বদলির আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন এবং তাঁকে কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন।

গত ৫ অক্টোবর আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির মারামারির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন ঘটনাটি তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আছমা খাতুনের মধ্যে প্রায় এক যুগ ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে সেই দ্বন্দ্ব বিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। তাঁরা মাঝেমধ্যে বিদ্যালয়ে প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির ওপর। দিন দিন শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমতে থাকে। অনেক অভিভাবক তাঁদের সন্তানদের ওই বিদ্যালয় থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন জানান, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকেও অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

আরও পড়ুন