
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল বিদেশি মদ উদ্ধার এবং ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ঘনেশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এদিকে একই দিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর মধ্যপাড়া এলাকায় আরও একটি অভিযান চালায় পুলিশ। অভিযানে ৬ বোতল বিদেশি মদ, একটি চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জামাল মিয়া প্রকাশ বাবু (সেজামুড়া), আলামিন প্রকাশ পাঙ্গাস (কামালপুর) ও হাকিম কাজী (চানপুর)। তারা সবাই বিজয়নগর উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত জামাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







