শনিবার ২০ জুন, ২০২৬

বাল্যবিয়ে ঠেকাতে বিয়ে নিবন্ধনে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলক করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla
ছবি: ইউনিসেফ/কোলাজ রাইজিং কুমিল্লা

বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় নতুন আইনের খসড়া প্রস্তুতের কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধানের অপব্যবহার বন্ধ করা হবে এবং বাল্যবিয়ের সুযোগ তৈরি করা আইনি ফাঁকফোকর দূর করা হবে।

তিনি বলেন, বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে প্রচলিত কাগজের জন্মসনদের পরিবর্তে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার করার বিধান যুক্ত করা হচ্ছে। এর ফলে জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রশ্নের ব্যাখ্যায় সংসদ সদস্য আবুল হাসনাত উল্লেখ করেন, ইউনিসেফের গ্লোবাল চাইল্ড ম্যারেজ ইনডেক্স ২০২৬-এর তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে এখনো বাল্যবিয়ের হার উদ্বেগজনক। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে জন্ম নিবন্ধন সংক্রান্ত জালিয়াতি এবং আইনের কিছু দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিয়ে সংঘটিত হচ্ছে।

জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিয়ে সম্পন্ন হওয়ায় মাঠপর্যায়ে নজরদারি ও আইন প্রয়োগে জটিলতা তৈরি হয়। তাই বাল্যবিয়ে সম্পূর্ণ নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন