
দেশের বাজার তদারকি কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং মাঠপর্যায়ের টিম লিডারদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।
রোববার (৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বাজার মনিটরিং কার্যক্রমে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান একই লক্ষ্য নিয়ে কাজ করছে। তাই সক্ষমতার ঘাটতির চেয়ে কার্যকর সমন্বয় এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি সরকারের আরও কয়েকটি সংস্থা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং নেতৃত্বকে আরও দক্ষ ও ফলাফলনির্ভর করতে হবে। মাঠপর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত দূর করে সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেন তিনি।
বাজার মনিটরিং ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনার কথা তুলে ধরে সচিব জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনায় শিগগিরই একটি পাওয়ার অ্যাপ উন্নয়ন, টিসিবির কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক মডেল প্রণয়ন এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপকে আরও উন্নত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তির ব্যবহার বাড়লে বাজার তদারকি কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত এবং কার্যকর হবে, পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণেও ইতিবাচক পরিবর্তন আসবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেবাস্টিন রেমাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










