
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগ ও বাইউস্ট ল ক্লাবের যৌথ উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো “১ম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা ২০২৬”।
রোববার সকাল ৮:৩০ মিনিট থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক আইনচর্চা, আদালত পরিচালনার কৌশল এবং অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়নের মূল লক্ষ্য নিয়েই বাস্তবতা ভিত্তিক একাডেমিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারে প্রতিযোগিতায় আইন বিভাগের ১০টি দল থেকে মোট ৭৬ জন শিক্ষার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও শতাধিক শিক্ষার্থী পুরো আয়োজনে অবজারভার (পর্যবেক্ষক) হিসেবে উপস্থিত থেকে আদালতের বাস্তব কার্যধারা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নায়ীম আলীমুল হায়দার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ভবিষ্যৎ আইনজীবীদের আদালতকেন্দ্রিক বাস্তব দক্ষতা গড়ে তুলতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মক ট্রায়ালের মাধ্যমে আদালতের পরিবেশে যুক্তিতর্ক উপস্থাপন, সাক্ষ্য গ্রহণ, জেরা, আইনের প্রয়োগ, কোর্টরুম এটিকেট, কৌশলগত চিন্তাভাবনা ও সময় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.) শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রাখে না, বরং বাস্তব আইনচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বিশ্লেষণী ক্ষমতা এবং ভবিষ্যৎ বিচারিক পরিবেশে কাজ করার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে।”
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বাইউস্ট আইন বিভাগের প্রভাষক নাদিয়া ইসলাম নদী এবং প্রভাষক সাইমুর রহমান সুনীত। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।








