
বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থায়নের মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।
‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় সাবপ্রোগ্রামের আওতায় এ ঋণ প্রদান করা হচ্ছে। এর লক্ষ্য হলো সামাজিক সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালী করে ঝুঁকি, বঞ্চনা ও দারিদ্র্য কমানো।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী—বিশেষ করে নারীরা—বিস্তৃত সুরক্ষার আওতায় আসবে।
কর্মসূচির আওতায় অংশীদারিত্বভিত্তিক সামাজিক সুরক্ষা প্রকল্প উন্নয়ন করা হবে, যা সরকারের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে। পাশাপাশি বিধবা ভাতা কর্মসূচিতে অন্তত ২ লাখ ৫০ হাজার নতুন নারীকে অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া একটি প্রধান কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে জলবায়ু অভিযোজনমূলক উদ্যোগ নেওয়া হবে, যা সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করবে।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক-এর বিশেষ পুনঃঅর্থায়ন প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার অন্তত ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।







