
২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বা ভাসমান জেটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে সমুদ্রে নোঙর করা বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে পাইপলাইনের সাহায্যে সরাসরি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আশা করছে, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের কাজ শেষ হবে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে। এসপিএম চালু হলে তেল খালাসের সময় কমবে। একই সঙ্গে পরিবহন ব্যয় ও তেল পরিবহনে ক্ষতি কমবে। এতে করে বছরে প্রায় ৮০০ কোটি টাকার সাশ্রয় হবে বলে আশা করছে সংস্থাটি।
এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলামকে বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে এসপিএম চালুর আশা করছে বিপিসি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “বর্তমানে সমুদ্রে বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি তেল খালাস করতে হয়। এ প্রক্রিয়ায় অতিরিক্ত পরিবহন ব্যয় ও সময় লাগে। এসপিএম পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা গেলে লাইটার জাহাজের ব্যবহার, সময়, পরিবহন ব্যয় এবং তেল পরিবহনে ক্ষতি কমানো (সিস্টেম লস) সম্ভব হবে। এতে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে।”
এর আগে বিপিসি গত ৫ নভেম্বর এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করে। ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে পাঁচ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য ধরা হয়েছে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।
মাদার ভেসেল থেকে সরাসরি পাইপলাইনে তেল
বর্তমানে আমদানি করা জ্বালানি তেলবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল সরাসরি ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) জেটিতে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের চ্যানেল ও নব্যতাসংক্রান্ত সীমাবদ্ধতা এর প্রধান কারণ।
এ কারণে বড় জাহাজগুলো বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর বা কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি গভীর সমুদ্রে অবস্থান করে। সেখান থেকে ছোট লাইটার ট্যাংকারে তেল স্থানান্তর করা হয়। পরে এসব ট্যাংকারে করে তেল রিফাইনারি বা সংরক্ষণাগারে নেওয়া হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ১১ থেকে ১২ দিন সময় লাগে।
এসপিএম চালু হলে এ পদ্ধতির পরিবর্তন আসবে। বড় জাহাজ থেকে ভাসমান মুরিংয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশের পাইপলাইনের মাধ্যমে সরাসরি মহেশখালীর সংরক্ষণাগারে তেল পাঠানো হবে। এরপর সেখান থেকে অপরিশোধিত তেল পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় রিফাইনারিতে পৌঁছাবে। অন্যদিকে, ডিজেল সরবরাহ করা হবে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায়।
বিপিসির কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতিতে তেল পরিবহনে ১১ থেকে ১২ দিন সময় লাগে। এসপিএম চালু হলে তা ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হবে। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে। ছোট লাইটার ট্যাংকারের ব্যবহারও কমবে। ফলে পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানোর সুযোগ তৈরি হবে।









