বুধবার ৭ অক্টোবর, ২০২৬

ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ দুই যান জব্দ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Two vehicles seized along with a large quantity of Indian sarees and three-piece sets at the Feni border.
ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ দুই যান জব্দ

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৮১ লাখ ৯০ হাজার টাকা।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে ফেনী সদর উপজেলার গীতাবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস পাওয়া যায়। পরে যানবাহন দুটিসহ এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন