
সুস্থ, সবল ও কর্মক্ষম শরীরের জন্য ভিটামিন বি৩ বা নায়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি পানিতে দ্রবণীয় ভিটামিন হওয়ায় শরীরে দীর্ঘদিন সঞ্চিত থাকে না। অতিরিক্ত অংশ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন বি৩ সমৃদ্ধ খাবার রাখা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, শরীরের শক্তি উৎপাদন থেকে শুরু করে হৃদযন্ত্র, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভিটামিন।
ভিটামিন বি৩ কেন গুরুত্বপূর্ণ?
শক্তি উৎপাদনে সহায়ক: প্রতিদিনের খাবারকে শরীরের ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করতে ভিটামিন বি৩ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হৃদযন্ত্রের সুরক্ষায় কার্যকর: এটি রক্তে ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল (LDL) ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়তা করে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে পারে।
মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য উপকারী: ভিটামিন বি৩ স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ভূমিকা রাখে।
ত্বকের যত্নে কার্যকর: সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষা দিতে এবং ত্বকের কোষের স্বাভাবিক মেরামতে সহায়তা করে। এই ভিটামিনের তীব্র ঘাটতি হলে ‘পেলাগ্রা’ নামের একটি গুরুতর রোগ হতে পারে।
যেসব খাবারে মিলবে ভিটামিন বি৩
উদ্ভিজ্জ উৎস : চিনাবাদাম ও সূর্যমুখীর বীজ, মাশরুম ও সবুজ মটরশুঁটি, লাল চাল ও নারকেল।
পুষ্টিবিদদের মতে, যারা নিয়মিত প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করেন, তাদের শরীরে সাধারণত ভিটামিন বি৩-এর ঘাটতি দেখা যায় না। কারণ প্রোটিনে থাকা ট্রিপটোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড যকৃতের মাধ্যমে ভিটামিন বি৩-তে রূপান্তরিত হতে পারে।
সুস্থ থাকতে প্রতিদিনের সুষম খাদ্যতালিকায় ভিটামিন বি৩ সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: আনন্দবাজার










