
জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোডিজ’-এর বিচারক হিসেবে পরিচিত রঘু রামকে ঘিরে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে, পুরুষদের মানসিক এবং শারীরিক অসুস্থতার মূল কারণ হলো নারীরাই।
রঘুর এই চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। বহু নেটিজেন এই বক্তব্যকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে নিন্দা জানাচ্ছেন।
পডকাস্ট সাক্ষাৎকারে রঘু রাম তাঁর বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন যে, মেয়েদের সমস্যা অনেক। তিনি মনে করেন, মেয়েরা আবেগপ্রবণ পুরুষ চাইলেও, যখন বাস্তবে পায় তখন তাকে গ্রহণ করতে পারে না।
রঘুর কথায়, “যখন একজন পুরুষ নিজের আবেগ উজাড় করে দেয়, তখন মেয়েরাই বলে ‘তুমি তো মেয়েদের মতো’। এই মেয়েদের কারণেই ছেলেরা সব কিছু নিজেদের মধ্যে চেপে রাখে, যার পরিণতি, ষাট বছর বয়সে হৃদরোগ।”
রঘু রাম আরও মনে করেন, পুরুষেরা যখনই কোনো দুর্বলতার কথা বলে, পরবর্তীতে নারীরা সেটাই তাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তিনি তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে, পুরুষদের তুলনায় নারীরা অনেক বেশি হিংস্র।
তিনি বলেন, “দুটো ছেলের মধ্যে ঝামেলা হলেও এতটা নীচে তারা নামে না, মেয়েরা যতটা পারে নামে। পুরুষদের একটা সীমা থাকলেও নারীরা সেই সীমা মানে না।”
রিয়েলিটি শো ‘রোডিজ’-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন রঘু রাম। একটানা ১১ বছর তিনি এই শো-এর বিচারকের দায়িত্ব সামলেছেন।
তবে বিচারক থাকাকালীনও তার ওপর একাধিকবার প্রতিযোগীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। ফলে একসময় তার সেই জনপ্রিয়তা ক্রমশই কমতে থাকে। এবার নারীদের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করে তিনি নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন।









