বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাসপোর্ট হারানো বা চুরি হলে যা করতে হবে, জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - BD passport
ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে তাৎক্ষণিকভাবে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, জিডি করার পর সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে এর সত্যতা যাচাই করে প্রতিবেদন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) অথবা নিকটস্থ পাসপোর্ট অফিসে পাঠাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার পর অনতিবিলম্বে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন ব্যবস্থায় বিষয়টি রিপোর্ট করতে হবে। একই সঙ্গে নিকটস্থ থানায় জিডি করতে হবে।

থানা থেকে ৭২ ঘণ্টার মধ্যে জিডির যাচাই প্রতিবেদন পাওয়া না গেলে জিডির কপি সংযুক্ত করেই পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করা যাবে। এরপর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ‘Lost Circular’ জারি করে পুনঃইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।

জিডি যাচাইয়ের সময় যদি দেখা যায়, ভিসা পাওয়ার উদ্দেশ্যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল এবং সেটি অবৈধভাবে আটকে রাখা হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে পাসপোর্টটি ফেরত বা উদ্ধার করা সম্ভব নয়—সেক্ষেত্রে আগের পাসপোর্ট ‘Revoke’ করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।

হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার পর স্পেশাল ব্রাঞ্চ তাদের Immigration Management System (IMS)-এ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করবে। প্রয়োজনে ইন্টারপোলকে অবহিত করাসহ বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে পাসপোর্ট হারালে

বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে।

সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন ‘Lost Circular’ জারি করে পাসপোর্ট পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

নতুন পাসপোর্টে থাকবে বিশেষ উল্লেখ

পরিপত্র অনুযায়ী, হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট ইস্যুর সময় ডেটাপেজে স্পষ্টভাবে ‘Previous Passport is Reported to be Lost’ লেখা থাকবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ডাটাবেজে আগের পাসপোর্টের ‘Lost/Revoked’ অবস্থা হালনাগাদ করতে হবে।

মৌলিক পরিচয় পরিবর্তনের সুযোগ নেই

হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবার নাম ও মায়ের নাম—এই মৌলিক পরিচয়গত তথ্য সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না।

তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বৈধ তথ্য সংশোধনের বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা যাবে।

ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রেও নির্দেশনা

আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ আবেদনকারীর কাছে থাকলে সেটি সমর্পণের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।

তবে পাসপোর্ট সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেলে এবং আবেদনকারীকে শনাক্ত করার মতো কোনো অংশ দেখানো সম্ভব না হলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করতে হবে।

পরে পাসপোর্ট পাওয়া গেলেও ব্যবহার করা যাবে না

হারানো বা চুরি হয়েছে বলে রিপোর্ট করার পর কোনো পাসপোর্ট ‘Revoke’ করা হলে সেটি পরে পাওয়া গেলেও পুনরায় সক্রিয় করা যাবে না। ওই পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমণও করা যাবে না।

পাসপোর্টটি পরে পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে থানায় এবং নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে। বিদেশে অবস্থানরত হলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকেও অবহিত করতে হবে।

প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডাটাবেজ ও ইমিগ্রেশন অ্যালার্ট হালনাগাদ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যু সংক্রান্ত আগের পরিপত্র, আদেশ ও নির্দেশনাগুলো সমন্বয় ও সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। পরিপত্র জারির তারিখ থেকেই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে।

আরও পড়ুন