বুধবার ২০ মে, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Bangladesh is elated after whitewashing Pakistan
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত এই জয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ।

চতুর্থ দিনের শেষে ম্যাচে অনেকটাই এগিয়ে ছিল বাংলাদেশ। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য সফরকারীদের দরকার ছিল আরও ১২১ রান, আর বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র তিন উইকেট।

তবে পঞ্চম দিনের সকালে কিছুটা শঙ্কা তৈরি করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। এই দুই ব্যাটার সাবলীল ব্যাটিং করে ম্যাচে ফেরার স্বপ্ন দেখাতে থাকেন পাকিস্তানকে। দিনের শুরুতেই রিজওয়ানের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ, যা কিছু সময়ের জন্য চাপে ফেলে বাংলাদেশকে।

কিন্তু দলের ত্রাতা হয়ে আবারও আবির্ভূত হন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। গুরুত্বপূর্ণ সময়ে সাজিদ খানকে আউট করে ভাঙেন জুটি। ৩৬ বলে ২৮ রান করে ফেরেন সাজিদ। সেই সঙ্গে নিজের ফাইফারও পূর্ণ করেন তাইজুল।

এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ানও। শতকের খুব কাছে গিয়ে ৯৪ রানে শরিফুল ইসলামের বলে মিরাজের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১৬৬ বলের ইনিংসে ছিল ১০টি চার।

শেষদিকে খুররাম শেহজাদকেও আউট করে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তাইজুল ইসলাম। ফলে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে ম্যাচে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এছাড়া নাহিদ রানা নেন দুটি উইকেট। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।

এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ২৭৮ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য।

শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছুঁতে পারেনি সফরকারীরা। দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। ইতিহাস গড়ে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল টাইগাররা।

আরও পড়ুন