
রাজবাড়ী জেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ, যা স্থানীয় মৎস্য আড়তে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলে এরশাদ মন্ডল জানান, মাঝরাতে সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতে গিয়ে বড় আকৃতির পাঙাশ মাছটি দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া এলাকার একটি মৎস্য আড়তে তোলা হলে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি হয়।
ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন। তিনি বলেন, “আড়তে নিলামের মাধ্যমে মাছটি কিনেছি। এখন বিভিন্ন স্থানে বিক্রির চেষ্টা করছি।”
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নের ফলে নদীতে মাছের উৎপাদন বেড়েছে। এর ফলেই বড় আকৃতির মাছ এখন বেশি ধরা পড়ছে।







