রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশন ‘‌কেকের মতো’ ভাগাভাগি হয়েছে: হাসনাত আবদুল্লাহ

রাইজিং ডেস্ক

নির্বাচন কমিশন ‘‌কেকের মতো’ ভাগাভাগি হয়েছে: হাসনাত আবদুল্লাহ/ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন কেকের মতো ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন বলেন, নির্বাচন কমিশনে অনেকগুলো পক্ষের শক্তি জড়িত। ৫ আগস্টের পর যখন নির্বাচন কমিশন গঠন হয়েছে তখন বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন, জামায়াতের একজন ও সেনাবাহিনী থেকেও এখানে একজন দেওয়া হয়েছে। এটাকে কেকের মতো ভাগাভাগি করে নেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশন তাদের পারপাস সার্ভ করছে। সংস্কার নিয়ে মার্কা নিয়ে আমরা সব সময় একটা অবস্থানে ছিলাম এখনও সেই অবস্থানে আছি।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি আয়োজিত এক সমন্বয় সভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

শাপলা প্রতীক প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই। কোন নীতিমালার অধীনে এখন শাপলা কলি প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করেছে, কোন নীতিমালার অধীনে শাপলা অন্তুর্ভুক্ত হবে না সেটি এখনো স্পষ্ট করেনি। কোন নীতিমালার অধীনে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মার্কা দিয়েছে সেটাও স্পষ্ট করেনি। তার মানে এই নির্বাচন কমিশনের এই মার্কা অন্তর্ভূক্তিকরণ বা না-করণের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তসহ জেলা উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন