মঙ্গলবার ৩ নভেম্বর, ২০২৬

নভেম্বরের শুরুতেই ফেনীতে ৪৭ জনের ডেঙ্গু শনাক্ত

রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রতীকি ছবি/সংগৃহীত

ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত বছরের তুলনায় চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ছয় গুণেরও বেশি। ২০২৫ সালে পুরো বছরে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২০১ জন। অথচ চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৪ জনে।

নভেম্বর মাসের প্রথম দুই দিনেই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন। ২ নভেম্বর ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৮ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১ জনের শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সবাই সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েছেন। এ সময়ে বেসরকারিভাবে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

চলতি বছরের শুরু থেকে ২ নভেম্বর পর্যন্ত ফেনীতে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৪ জন। আক্রান্তের সংখ্যার তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম হলেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতির ওপর নজর রাখছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ফেনী সদর উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। জেলায় মোট আক্রান্তের মধ্যে এ উপজেলার বাসিন্দা ১ হাজার ৮৭ জন, যা মোট আক্রান্তের প্রায় ৭৮ শতাংশ। এ ছাড়া সোনাগাজীতে ১৩০ জন, দাগনভূঞায় ৯৫ জন, ছাগলনাইয়ায় ৬৯ জন, পরশুরামে ৩৪ জন এবং ফুলগাজীতে ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৪১ জনের মধ্যে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন।

এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সংক্রমণ অব্যাহত থাকায় জ্বরের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

এদিকে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ২ হাজার ৪৩৮টি পরীক্ষার কিট মজুত রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন