শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নভেম্বরেও হতে পারে ঘূর্ণিঝড়, নামতে পারে শীত

রাইজিং ডেস্ক

বঙ্গোপসাগরে লঘুচাপ
ছবি: সংগৃহীত

নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এবং দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মিধিলি’। এ নামটি মালদ্বীপের দেওয়া।

চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশের উত্তর বা উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে দীর্ঘমেয়াদি প্রতিবেদনে।

এরআগে গত অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুনের সৃষ্টি হয়। এটি গত ২৪ অক্টোবর কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করে।

আরও পড়ুন