
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে বোমা মেশিনে ধান মাড়াই করতে গিয়ে আরমান (২২) নামে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন। আহত আরমান কনিকাড়া গ্রামের হাবির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার কনিকাড়া দক্ষিণ পাড়ায় স্থানীয় এক গৃহস্থের ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তার সহকর্মীরা।
এসময় ব্যবহৃত বোমা মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেশিনটি পরিষ্কার করার জন্য আরমান হাত ভেতরে দিলে আকস্মিকভাবে মেশিনটি চালু হয়ে যায়। এতে তার হাতের কবজি মেশিনের ভেতরে ঢুকে গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।








