
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশেষ করে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের সহজলভ্যতার কারণে মাদকাসক্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান আইনের মাধ্যমে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদক কারবারিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। ফলে তাদের কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, “ডিএনসি কর্মকর্তাদের অবস্থা এখন ঢাল নেই, তলোয়ার নেই—নিধিরাম সর্দারের মতো।” এ পরিস্থিতি থেকে উত্তরণে ডিএনসি কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সংসদ অধিবেশনেই সংশোধনী বিল উত্থাপন করা হতে পারে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও বিপুলসংখ্যক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এ অবস্থায় মাদক মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রচলিত আদালতেও এসব মামলার বিচার কার্যক্রম চলমান থাকবে।









