
দেশে স্বাদু পানিতে উৎপাদিত মাছের পরিমাণ বর্তমানে ৪৫ লাখ ৪৩ হাজার মেট্রিক টনে পৌঁছেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের স্বাদু পানির মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করতে মৎস্য অধিদপ্তর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগ, জলজ পরিবেশ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ।
তিনি জানান, মাছের প্রজনন ক্ষেত্র, আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত জরিপ, গবেষণা এবং পুনরুদ্ধারমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সরকার গৃহীত খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ের নাব্যতা বৃদ্ধি পাবে, যা মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ ছাড়া স্বাদু পানির মৎস্যসম্পদ রক্ষা করা সম্ভব নয়। এজন্য শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, শিল্পকারখানায় কার্যকর বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন ও নিয়মিত পরিচালনা নিশ্চিত করতে হবে। যথাযথ তদারকি না থাকলে শিল্পবর্জ্যের কারণে জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, আধুনিক ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের স্বাদু পানির মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে টেকসইভাবে মাছ উৎপাদন বৃদ্ধি পাবে।










