
শৈত্যপ্রবাহ বইছে দেশের ছয় জেলার ওপর দিয়ে। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল শনিবারের মতো। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও দুইদিন।
এ সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার পাবনার ঈশ্বরদী, নওগাঁর বদলগাছী এবং রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি, আবার কোথাও হালকা বৃষ্টিপাত হওয়ায় আকাশ বেশ পরিষ্কার হয়ে উঠেছিল। শুক্রবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা যেমন অনেকখানি কেটে গিয়েছিল, সূর্য ওঠায় তাপমাত্রা বাড়তে শুরু হয়েছিল। কনকনে ঠান্ডা বাতাসও কমে এসেছিল। কিন্তু শনিবার রাত থেকে আবারও বইতে শুরু করেছে কনকনে বাতাস।
রোববার দুপুরেও ঢাকাসহ দেশের অনেক এলাকায় কুয়াশায় ঢাকা ছিল। এতে তাপমাত্রা আবার নেমে যাচ্ছে। শীতের তীব্রতা আজ রাতে আরও কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, দেশের ১৮টি অঞ্চলের তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে। রোববার কুড়িগ্রামের রাজারহাটে ৯.৮; পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কিশোরগঞ্জের নিকলীতে ১০; চুয়াডাঙ্গায় ১০.৭; নীলফামারীর ডিমলা, দিনাজপুর ও সিরাজগঞ্জের তাড়াশে ১১; নীলফামারীর সৈয়দপুরে ১১.২; কুষ্টিয়ার কুমারখালী ও সিলেটের শ্রীমঙ্গলে ১১.৩; রংপুর, বগুড়া ও টাঙ্গাইলে ১১.৪; যশোরে ১১.৬ এবং গোপালগঞ্জে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
যেসব অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে, সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রোববার বিকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।








