
দুর্গাপূজায় নিষিদ্ধ সংগঠন বা কোনো গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি পালাক্রমে পাহারার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
দুর্গাপূজার সময় আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, আজান ও নামাজের সময়সূচি তৈরি করে জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময় সম্পর্কে জানতে পারেন এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারেন।
প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখা এবং ধারণ করা ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মোবাইল ফোন কিংবা অনলাইন ক্লাউডে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রাখা যেতে পারে। পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ এবং পূজার ছুটি দুই দিন বাড়ানোর উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, পূজার সময় সরকারি ছুটি থাকলেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এ ছাড়া জেলার প্রতিটি নির্বাচনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রধানমন্ত্রী শাড়ি উপহার পাঠিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এই প্রথম। এ উদ্যোগের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। অনুমোদিত কাগজপত্র চাওয়ামাত্র দেখাতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








