
গণমাধ্যমকে দলীয় অবস্থান বা সরকারের তোষামোদির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট সবাই মিলে একটি সুস্পষ্ট নীতিকাঠামো প্রণয়ন করলে গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, দেশের টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তুলতে সরকারের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের দাবিও তুলে ধরেন তারা।









