
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, প্রচারণার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি রয়েছে। নিরাপত্তাজনিত কারণে স্বাভাবিকভাবে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িত আসামিদের এখনো পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতার প্রমাণ।
তিনি আরও বলেন, বর্তমানে প্রার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা ছিলেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন।
আসিফ মাহমুদ বলেন, সরকারকে অবশ্যই প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শহিদ ওসমান হাদির মতো ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আগে থেকেই দেওয়া ঘোষণা অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যুক্ত হওয়ার বিষয়ে নানা গুঞ্জন থাকলেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই স্পষ্ট করেন, কোনো দলের হয়ে নয়—স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি নির্বাচনে অংশ নেবেন।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন, সে আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। ইতোমধ্যে তিনি এই আসনের ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন।











