
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টায় ৪৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি, ভুল পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্র্যাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ক্যামেরায় শনাক্ত হওয়া অপরাধের ভিত্তিতে মামলা ও জরিমানার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রম আরও বাড়ানো হলে ট্র্যাফিক আইন ভঙ্গের প্রবণতা কমার পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে। ইতোমধ্যে সেটির প্রভাব পড়তে শুরু করেছে।’
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার অংশে মোট ১ হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।








