রবিবার ১২ জুলাই, ২০২৬

ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দুই প্রকল্প দ্রুত এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Prime Minister directs rapid advancement of two waste-to-electricity projects in Dhaka.
ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দুই প্রকল্প দ্রুত এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ/ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে দুটি আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে একটি বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করছে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে কেন্দ্রটি ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং আগামী ২৫ বছর ধরে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম থাকবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানি একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে।

এই প্রকল্পে প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে বছরে প্রায় ১ লাখ ৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে। ওই গ্যাস থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন