
ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারাদেশে মোবাইল টিম কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং লার্ভা ধ্বংসে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক ও বিভাগীয় প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে বৈঠক হয়েছে। মোবাইল টিম পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই সারাদেশে মোবাইল টিম মাঠে নামবে।
তিনি বলেন, “আমরা চাই জনগণ সচেতন হোক। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন না পড়ে, সবাই নিজ উদ্যোগে বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুক। বাড়িতে কোথাও জমে থাকা পানি রাখা যাবে না। ফুলের টব, ছাদবাগান, ড্রেন কিংবা টয়লেট—সব জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।”
মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। পাশাপাশি যেসব বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেসব বাড়ির মালিকদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, বর্তমানে ঢাকার ২৮টি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। এসব এলাকায় দ্রুত ব্যবস্থা না নিলে মশার বিস্তার আরও বাড়তে পারে। তাই স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো সরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের জরিমানা করা হবে। একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজামান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











