
গণঅভ্যুত্থান-পরবর্তী ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার মানুষের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটির সর্বশেষ জরিপে পাসপোর্ট, বিআরটিএ, বিচার-সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভূমি সেবাকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।
দেশের ১৮টি খাত ও সেবার ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়ার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে গ্রামাঞ্চলে এ হার ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
পাসপোর্ট সেবার পর ঘুষের হার সবচেয়ে বেশি পাওয়া গেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সেবায়, যেখানে ৬৩ দশমিক ৫ শতাংশ সেবাগ্রহীতা ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও কৃষি সেবায় ঘুষের হার ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ।
টিআইবির জরিপে আরও দেখা গেছে, দেশের মোট ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সেবা খাতে ঘুষের শিকার হয়েছে। যা সেবা খাতে দুর্নীতির বিস্তৃত উপস্থিতির ইঙ্গিত দেয় বলে মনে করছে সংস্থাটি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে জাতীয় খানা জরিপ পরিচালনা করা হয়েছে।
প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।









