রবিবার ২২ নভেম্বর, ২০২৬

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Lionel Messi
গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। টানা দ্বিতীয় মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জয়ের অনন্য কীর্তি গড়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস।

২০২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন মেসি। নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। ম্যাচপ্রতি তার গোল করার গড় ০.৮৪। গোলদাতাদের তালিকায় মেসির ধারেকাছেও ছিলেন না প্রতিদ্বন্দ্বীরা। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার গোল ২২টি। আর ২১ গোল নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ।

মেসির অবদান অবশ্য শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সতীর্থদের গোল করাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মৌসুমে নিজের ২৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭ গোল। অর্থাৎ সরাসরি ৪৩টি গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন তারকা।

এমএলএসের ইতিহাসে ষষ্ঠ ফুটবলার হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জয়ের স্বাদ পেয়েছেন মেসি। তবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের কৃতিত্ব আগে কারও ছিল না। ২০২৫ মৌসুমেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্টের সুবাদে প্রথমবারের মতো গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।

এবার গোল্ডেন বুট জয়ের পর মেসির সামনে অপেক্ষা করছে আরও একটি বড় অর্জনের হাতছানি। টানা তৃতীয়বারের মতো এমএলএসের মৌসুমসেরা খেলোয়াড় বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। এর আগে ২০২৪ ও ২০২৫ মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ২০২৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচনের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছেন তিনি।

গত মৌসুমে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পায় ইন্টার মায়ামি। ওই আসরে প্লে-অফে ৬ গোল ও ৯টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টসেরার স্বীকৃতিও পেয়েছিলেন মেসি।

এবারের আসরেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্লে-অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে মেসির দল। ব্যক্তিগত অর্জনের ধারাবাহিকতার পাশাপাশি দলকে আরও একটি শিরোপা উপহার দেওয়াই এখন আর্জেন্টাইন অধিনায়কের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন