
আওয়ামী লীগ নেতা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
এর আগে সোমবার (৫ আগস্ট) বিকালে আমির হোসেন আমুর বাসায় হামলা চালিয়ে মালামাল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার বাসভবন।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজভর্তি ওই টাকা উদ্ধার করেন।
উল্লেখ্য গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগে পর বিকালে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিন রাত ১২টার দিকে ওই ভবনের তিনতলায় আবারও আগুন দেখা যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেভাতে পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন।







