বুধবার ৩ জুন, ২০২৬

জ্বালানির পর পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -ELECTRICITY
ছবি: সংগৃহীত

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন বিদ্যুৎ ট্যারিফ ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন ঘোষণায়, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন বিতরণ কোম্পানির আওতায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিইআরসি সূত্রে জানা যায়, গত ৩ থেকে ৬ মে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থাগুলো বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার এবং সঞ্চালন মাশুল বৃদ্ধির আবেদন জমা দেয়। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ ও ২১ মে গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। তাদের বক্তব্য ছিল, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনাগত দুর্বলতার দায় সাধারণ ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

মূল্য বৃদ্ধির আবেদনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিটে ৮৫ পয়সা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১ টাকা ৫৪ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১ টাকা ৯৮ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১ টাকা ৩৯ পয়সা এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ২ টাকা ৫ পয়সা পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেছিল।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিনের দাম ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে ৫ টাকা। সোমবার (১ জুন) থেকে এ দাম কার্যকর করা হয়।

আরও পড়ুন