বৃহস্পতিবার ১ অক্টোবর, ২০২৬

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে দাখিল করেনি।

এ পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের রিটার্ন এখনো ই-ভ্যাট সিস্টেমে দাখিল করেনি—এমন প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন অবশ্যই ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন