সোমবার ২৩ নভেম্বর, ২০২৬

চান্দিনায় শর্টসার্কিটের আগুনে তিনটি গরুসহ পুড়ল গোয়ালঘর, দগ্ধ মালিক

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

RisingCumilla - In Chandina, a cattle shed—along with three cows—burned down due to a short-circuit fire, the owner sustained burns.
চান্দিনায় শর্টসার্কিটের আগুনে তিনটি গরুসহ পুড়ল গোয়ালঘর, দগ্ধ মালিক

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর ও পাশের রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা তিনটি বড় গরু জীবন্ত পুড়ে মারা গেছে এবং সেগুলোকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন ঘরটির মালিক।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈলাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান। তিনি স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সিদ্দিকুর রহমানের গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোয়ালঘর ছাড়িয়ে পাশের রান্নাঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে ভেতরে আটকা পড়া তিনটি বড় গরু বের করার প্রাণপণ চেষ্টা চালান সিদ্দিকুর রহমান। এ সময় আগুনে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই গোয়ালঘর, রান্নাঘর এবং তিনটি গরুই পুড়ে ছাই হয়ে যায়।

দীর্ঘদিনের তিলে তিলে গড়ে তোলা সম্পদ ও গবাদিপশু হারিয়ে সিদ্দিকুর রহমানের পরিবার এখন চরম অসহায় হয়ে পড়েছে। অপূরণীয় এই ক্ষতির মুখে দাঁড়ানো পরিবারটিকে সহায়তার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন