
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্য এবং পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় চলমান বিশেষ অভিযান চালায়। অভিযানে জিআর পরোয়ানাভুক্ত একজন, জিআর সাজাপ্রাপ্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শব্দলপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে আমির হোসেন (২৭), আওরাল গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ হোসেন, বরকরই উত্তর পাড়ার মৃত লাল মিয়া ওরফে লালুর ছেলে মো. জহিরুল ইসলাম এবং মাইজখার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পানিপাড়া (বলি মাহমুদের বাড়ি) এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৪৭)।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আমির হোসেনকে একটি জিআর পরোয়ানামূলে এবং সোহাগ হোসেন ও জহিরুল ইসলামকে পৃথক দুটি জিআর সাজা পরোয়ানামূলে আটক করা হয়েছে। এছাড়া কামাল হোসেনকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।










