বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

পিটুনি/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আরিফ হোসেন (৪০) নামে এক ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ হোসেন উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কুরুইন গ্রাম থেকে একটি অটোরিকশা চুরি হয়। ওই ঘটনায় স্থানীয়রা সাকিল নামে এক যুবককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাতে হাড়িখোলা এলাকা থেকে আরিফ হোসেনকে ধরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সারারাত বিভিন্ন স্থানে ঘুরিয়ে আরিফের ওপর নির্যাতন চালানো হয়।

পরদিন মঙ্গলবার সকালে আরিফকে পুনরায় হাড়িখোলা নিয়ে আসা হয়। সেখান থেকে স্থানীয় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে কুরুইন গ্রামের লোকজন তাকে আবার তুলে নিয়ে যায়। এরপর দুপুরের দিকে কয়েকজন লোক আশঙ্কাজনক অবস্থায় আরিফকে হাসপাতালে রেখে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিহতের বাবা আলী মিয়া বলেন, “আমার একমাত্র ছেলেকে তারা অন্যায়ভাবে তুলে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

কেরণখাল ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য শামীম হোসেন বলেন, “আরিফ যদি চুরির সাথে জড়িতও থাকতেন, তবে বিষয়টি স্বজন বা এলাকার মুরুব্বিদের জানানো যেত। এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব’ সৃষ্টি করে একজনকে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েই পুলিশ সেখানে যায়। পিটিয়ে হত্যার এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন