
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে তিন দিনব্যাপী অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। অভিযানের প্রথম দিনেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে এ অভিযান শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের স্থাপনা এ সময় সরিয়ে দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, চাঁদপুর-কুমিল্লা-ফরিদগঞ্জ মহাসড়কের খাজুরিয়া থেকে বর্ডার বাজার পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে ছয় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা থাকায় মহাসড়কের প্রশস্ততা কমে গেছে। বিশেষ করে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের প্রায় ৪৮ কিলোমিটার এলাকায় ছয় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন ইন্টারসেকশন উন্নয়ন ও বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে মহাসড়কের যানজট কমার পাশাপাশি সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হবে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, মহাসড়কের ৪৮ কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা অপসারণে আগামী দুই দিনও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।









