বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Two organizations fined Tk 35,000 in consumer rights drive in Hajiganj, Chandpur
চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলার হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, মেসার্স মিতু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে। এছাড়া সেখানে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি এবং সরকারি ইনজেকশনের সিরিঞ্জও পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ওয়েলকাম সুইটস এন্ড বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি সেখানে মেয়াদোত্তীর্ণ ফুড কালারও পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে দুই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

এ সময় মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও বাসি খাবার ধ্বংস করা হয়।

অভিযানের অংশ হিসেবে নিয়মিত মনিটরিংয়ের আওতায় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরও পড়ুন