
চট্টগ্রাম থেকে বাসে করে ফেনী যাওয়ার পথে ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে ফেনী সদর থানার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুহুরী ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি বাসে তল্লাশি চালানোর সময় নাছির উদ্দিন পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করেন।
পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।
আটক নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার বাসিন্দা। র্যাবের দাবি, তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালানটি ফেনীতে নিয়ে আসছিলেন।
র্যাবের সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ নাছিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটক নাছির ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, নাছির উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।









