
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ক্ষুদে ফুটবলারদের প্রাণবন্ত অংশগ্রহণে বৃহস্পতিবার (২১ মে) সকালে নগরীতে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফুটবল পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভাগের ১১টি জেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ জিয়াউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান এবং মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীলভাবে বেড়ে উঠতে সহায়তা করে। একইসঙ্গে একজন দক্ষ খেলোয়াড় আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগও পেতে পারে।
তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনে বালক ও বালিকা বিভাগে প্রথম রাউন্ডের মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, কক্সবাজার ও ফেনী জেলার দলগুলো।
আগামীকাল শুক্রবার (২২ মে) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অংশ নেবে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, বান্দরবান ও চাঁদপুর জেলার দল।
টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি আগামী শনিবার (২৩ মে) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল সাড়ে ৩টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফাইনাল শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মীর মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।








