শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬

ক্লাস ফাঁকি দিয়ে দলবেঁধে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - 35 students detained for skipping classes and roaming around in groups
ক্লাস ফাঁকি দিয়ে দলবেঁধে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক/ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে থাকার কথা থাকলেও স্কুল-কলেজ ও মাদরাসার পোশাক পরেই ঘুরে বেড়াচ্ছিল তারা। ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ার সময় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পর্যটন স্পট থেকে ৩৫ শিক্ষার্থীকে আটক করে উপজেলা প্রশাসন। পরে অভিভাবক ও শিক্ষকদের ডেকে সতর্ক করে তাদের জিম্মায় শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে আকস্মিক অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস চলাকালে পড়ালেখা বাদ দিয়ে বিনোদনকেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ইউনিফর্ম পরা অবস্থায় দলবেঁধে ঘোরাঘুরি ও আড্ডা দিতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে বিভিন্ন স্থান থেকে ৩৫ জনকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

এরপর ইউএনওর নির্দেশে শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের খবর দেওয়া হয়। তারা উপজেলা পরিষদে উপস্থিত হলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়া এবং ভবিষ্যৎ গড়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সন্তানরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার অনুরোধ জানানো হয়। পরে অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় দেওয়া হয় শিক্ষার্থীদের।

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, শিক্ষার্থীরা যেন ভুল পথে পরিচালিত না হয় এবং পড়ালেখার প্রতি মনোযোগী থাকে, সে উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্তানরা ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদেরও নজরদারি বাড়ানো প্রয়োজন। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন