
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা যাবে না। সেই সাথে আগের আরোপকৃত নিষেধাজ্ঞাও বহাল থাকবে।
এ ছাড়াও ঈদুল আজহার পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।
তিনি জানান, ঈদুল আজহার পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক, অফপিক আওয়ারে। এতে সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা।
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখন একটি মেট্রো ট্রেনে গড়ে ১৬০০ থেকে ১৭০০ যাত্রী যাতায়াত করে। আর ধারণক্ষমতা ২২০০। এখন দিনে তিন লাখ ২৫ হাজার জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। দিনে ১৯৪ বার মেট্রোরেল যাওয়া-আসা করলেও ১৯ জুন থেকে ১৯৬ বার করবে।
এম এ এন ছিদ্দিক আরও বলেন, আগামী ১৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৬ জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।










