মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’—বলার কয়েক ঘণ্টা পরই কুমিল্লায় বিএনপি নেতার মৃত্যু

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

RisingCumilla - BNP leader dies in Cumilla just hours after declaring, No one can remove me from the election.
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’—বলার কয়েক ঘণ্টা পরই কুমিল্লায় বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দিনভর প্রচার-প্রচারণা ও শোডাউন চালিয়েছিলেন স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন। ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’; সংবধর্না ও পথসভায় নেতা-কর্মীদের সামনে এমন শক্ত আত্মবিশ্বাসের কথা জানান দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তাঁর এই হঠাৎ প্রয়াণে পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা ও এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

তিনি শুহিলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই এলাকা চষে বেড়াচ্ছিলেন।

স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী নিজ এলাকায় অনুসারীদের নিয়ে বিশাল মহড়া শেষে সন্ধ্যায় শালিখা বাজারের এক পথসভায় বক্তব্য দেন তিনি। বক্তব্যকালে স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওনের মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন এবং নির্বাচনে নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তবে রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পরপরই তীব্র বুকব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

তাঁর অকাল প্রয়াণে স্থানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকা এই ত্যাগী নেতার প্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছেন তাঁর সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ। যে মানুষটি কয়েক ঘণ্টা আগেও ভোটের মাঠে উদ্দীপনা ছড়িয়েছেন, মুহূর্তের ব্যবধানে তাঁর এমন বিদায়কে মেনে নিতে কষ্ট হচ্ছে সহযোদ্ধাদের।

আরও পড়ুন