
কুমিল্লার লালমাই উপজেলায় আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন (৩৬)।
নিহত আবদুর রশিদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিশ্চর রেলগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ থেকে আবদুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত আবদুর রশিদের সঙ্গে গ্রেপ্তার মহিন উদ্দিনের মোবাইল সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে এলাকায় সালিশও হয়েছিল। ওই বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময় গ্রেপ্তার তিনজনই ঘটনাস্থলে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আল আমিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে লালমাই থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।










