
কুমিল্লা মহানগরের রাজগঞ্জ বাজার এলাকায় নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের মুদি, মাছ, মাংস, মুরগি ও শাক-সবজির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয় জানায়, অভিযানে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) এর চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে মেসার্স প্রদীপ স্টোরকে ৪৮ হাজার টাকা, রঞ্জিত স্টোরকে ২ হাজার টাকা, সুমন পোল্ট্রিকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ গোস্তের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। চার প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আরোপের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনায় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে নিত্যপণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









