বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে মিষ্টিতে ওজনে কারচুপি-নকল ওটস বিক্রি, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Fine of Tk 1.25 lakh imposed in Muradnagar, Cumilla, for underweight sweets and the sale of counterfeit oats.
কুমিল্লার মুরাদনগরে মিষ্টিতে ওজনে কারচুপি-নকল ওটস বিক্রি, লাখ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মিষ্টির দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ও ডিলার, বিরিয়ানি-কাচ্চি এবং বিভিন্ন উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানে মিষ্টির ওজনে কারচুপি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নকল ওটস বিক্রি এবং খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আশা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, শ্রী লক্ষীভান্ডারকে ৭ হাজার টাকা এবং মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির অভিযোগে ইভা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, কোম্পানিগঞ্জ মার্কেট কমিটি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

এ বিষয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।’

আরও পড়ুন