শুক্রবার ৭ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই, পুড়ে গেছে ছেলেকে বিদেশে পাঠানোর টাকাও

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - A farmer lost everything to a fire in Brahmanpara
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই, পুড়ে গেছে ছেলেকে বিদেশে পাঠানোর টাকাও

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও রান্নাঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সঞ্চিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ধান-চাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যাওয়ায় পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে কৃষক মো. খোকন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বসতঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. খোকন মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সম্প্রতি বিভিন্ন সমিতি থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এছাড়া নিজের সঞ্চিত ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা ঘরে রাখা ছিল। অগ্নিকাণ্ডে সেই নগদ অর্থের পাশাপাশি ধান, চাল, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে গেছে।

তিনি দাবি করেন, এ ঘটনায় তার পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব হারিয়ে বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

গোপালনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে খোকন মিয়ার বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। নগদ অর্থসহ বিপুল ক্ষয়ক্ষতির কারণে পরিবারটি চরম অসহায় অবস্থায় রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার ও কম্বল তুলে দেন। পাশাপাশি সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

ইউএনও মুন্নী ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন