
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পাঁচটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শশীদল উত্তরপাড়া এলাকার সোলেমান এবং দক্ষিণ তেঁতাভূমি এলাকার জোসনা বেগম সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া গোপালনগর এলাকার জামাল মিয়া, মকিমপুর এলাকার ইমন মিয়া এবং মিরপুর এলাকার মোহাম্মদ ফারুককে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।









